সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ সোহাগ সরকারকে তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইমরানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কাজী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিঞা এবং সহকারী শিক্ষক মনিরা আক্তার। মাঠকর্মীদের পক্ষে বক্তব্য দেন পরিবার কল্যাণ সহকারী রেখা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দক্ষ ও শিক্ষিত তরুণ প্রজন্ম গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। টেকসই উন্নয়ন অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা ও সচেতনতার গুরুত্বও তুলে ধরেন তারা।
পরে পুরস্কার বিতরণী পর্বে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে অসামান্য অবদান রাখায় মোহাম্মদ সোহাগ সরকারকে তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে নাজমা আক্তার এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে খাদিজা আক্তারকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


