শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে অসচ্ছল, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই চেক বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল ও কৃতি শিক্ষার্থীরা এই আর্থিক অনুদান লাভ করেন।
চেক বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, “বর্তমান সরকার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত আন্তরিক। কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল অর্থনৈতিক সংকটের কারণে ঝরে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আজকের এই অনুদান শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেক পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।


