রিপোর্ট-শাহ্ জালাল সরদার,মাদারীপুর।
মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমিতির হাট লঞ্চঘাট থেকে বাঁশগাড়ী লঞ্চঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় ও বিভিন্ন যায়গা থেকে আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।
প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়। এর মধ্যে তালুকদার গ্রুপের বাদল তালুকদারের নৌকা প্রথম স্থান অর্জন করে। খাঁ যুবসমাজ ও লিটন সরদারের নৌকা যথাক্রমে দ্বিতীয় স্থান অর্জন করে। সুমন শিকদারের নৌকা তৃতীয় হয়। এছাড়া একটি ডিঙি নৌকাও প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী মিরাজ হাওলাদার ও ইলিয়াস তালুকদার প্রতিযোগিতার পুরস্কারগুলো দেয়া হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বাদল তালুকদার, ইয়ামিন তালুকদারসহ স্থানীয় আরও অনেকে।
স্থানীয়রা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য আরও পরিচিত ও জনপ্রিয় হবে।


