ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদারীপুরে ভূমি সেবায় চরম অনিয়মের অভিযোগ, অফিস তালাবদ্ধ রেখে অনুপস্থিত কর্মকর্তারা

    admin
    September 1, 2026 9:59 am
    Link Copied!

    রিপোর্ট -শাহ্ জালাল সরদার , মাদারীপুর।

    মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ভূমি সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের হাজারো মানুষ। অফিস চলাকালীন সময়েও দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিত থাকার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

    রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রতিটি কক্ষের দরজায় তালা ঝুলছে। তবে জানালাগুলো খোলা ছিল। এ সময় ভূমি সেবা নিতে অফিসের বাইরে পাঁচ থেকে ছয়জন সেবাগ্রহীতা অপেক্ষা করছিলেন। তাদের কেউ প্রায় ১০ কিলোমিটার দূর থেকে এসেছেন, আবার কেউ দোকান বন্ধ রেখে সেবা নিতে এসেছেন বলে জানান।

    সেবাগ্রহীতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। নিয়ম অনুযায়ী সেবা পাওয়ার পাশাপাশি নানা ধরনের ভোগান্তি এবং অতিরিক্ত টাকা দেওয়ার চাপের মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তাদের।

    নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রামের বাসিন্দা নির্মল মল্লিক অভিযোগ করেন, মিউটেশনের কাজ করে দেওয়ার কথা বলে ভূমি অফিসের অফিস সহায়ক সৈয়দ মিন্টুকে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন। টাকা দেওয়ার পরও মিউটেশনের কাগজে ভুল হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    অফিস তালাবদ্ধ থাকার বিষয়ে অফিস সহায়ক সৈয়দ মিন্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাত খাওয়া ও নামাজ পড়ার জন্য বাড়িতে গিয়েছিলেন। সাংবাদিকদের ফোন পাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলে করে অফিসে এসে পৌঁছান তিনি।

    অফিস বন্ধ রেখে বাড়িতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি নামাজ ও পারিবারিক অসুস্থতার কথা জানান। তবে স্থানীয়দের দাবি, অফিস বন্ধ রেখে তার বাড়িতে চলে যাওয়ার ঘটনা নিয়মিতই ঘটে।

    অন্যদিকে, ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. রাজ্জাকও পুরো সময় অফিসে উপস্থিত ছিলেন না। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

    এদিকে, অফিস চলাকালীন দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

    ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    নবগ্রাম ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১৪ হাজার মানুষের ভূমি সেবার অন্যতম প্রধান কেন্দ্র এই ইউনিয়ন ভূমি অফিস। সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

    স্থানীয়দের দাবি, ভূমি অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST