রিপোর্ট-শাহ্ জালাল সরদার, মাদারীপুর।
শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আ্যলামনাই এসোসিয়েশন’। ২০২৭ সালের দাখিল পরিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হলে তার ফরম পূরণের দায়িত্ব নেবে সংগঠনটি।
সিরাতুননবী (সা.) উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহসেন উদ্দিন ও আ্যলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা। (আ্যলামনাই এসোসিয়েশন এর সভাপতি ড.আহসান হাবিব অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার পক্ষ থেকে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন)
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টা মোছলেহ উদ্দিন চুন্নু,সাংবাদিক শাহ্ জালাল সরদার, সহিদুল ইসলাম(মাস্টার) ও সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক ও আ্যলামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা মাওলানা মোসলেহ উদ্দিন চুন্নু।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা কর্তৃপক্ষ নয়, প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদ্রাসায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে। এজন্য মাদ্রাসার শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও এ্যালামনাই এসোসিয়েশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এদিকে শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে এ্যালামনাই এসোসিয়েশনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সালের টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হলে ওই শিক্ষার্থীর দাখিল পরিক্ষার ফরম পূরণের দায়িত্ব সংগঠন বহন করবে।
অন্যদিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তার কাছে তুলে ধরেন। তিনি পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, বই ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সংগঠনের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


