আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে,চরবংশী গ্রামের, পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দখলদারদের হাত থেকে পৈতৃক জমি রক্ষায় ও প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মৃত আবদুল খালেক মোল্লার, ছেলে মনির হোসেনের পৈতৃক সম্পত্তি (যার খতিয়ান নম্বর ৫২ ও ৮২১১) দীর্ঘদিন ধরে দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল একই এলাকার সফি মাতাব্বর ( পিতা: কটু মিয়া মাতাব্বর) ও রুব্বান বেগম ( পিতা: সফিজ মাতাব্বর)।
অভিযোগে জানা যায়, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা বেআইনিভাবে জমিটি দখল করে সেখানে জোরপূর্বক পাকা ভবন নির্মাণকাজ শুরু করেন। এতে মনির হোসেন বাধা দিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। কোনো উপায় না পেয়ে নিজের আইনানুগ জমি উদ্ধার ও সীমানা সুরক্ষার জন্য তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মনির হোসেন জানান, “আমার বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তিতে আমরা দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও সফি মাতাব্বর ও রুব্বান বেগম গং অন্যায়ভাবে তা দখল করে পাকা ভবন নির্মাণ করছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ন্যায়বিচারের স্বার্থে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


