আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
শারীরিক প্রতিবন্ধী আসলাম মাঝির (৫০) পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তাঁরই আপন বড় ভাই আশরাফ আলী মাঝির বিরুদ্ধে।
ঘটনার বিবরণীতে জানা যায়, জমি দখলের বিষয়টি প্রতিকার চেয়ে আসলাম মাঝি দক্ষিণ চরবংশী ইউনিয়ন গ্রাম আদালতে তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে স্থানীয় গ্রাম আদালত উভয় পক্ষের কথা শুনে শুনানি শেষে আসলাম মাঝিকে তাঁর প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ও গণ্যমান্য ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী এ নির্দেশ দেন।
তবে গ্রাম আদালতের এ রায় অমান্য করেন বড় ভাই আশরাফ আলী মাঝি। তিনি রায় না মেনে উল্টো ছোট ভাই প্রতিবন্ধী আসলাম মাঝিকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বড় ভাইয়ের হুমকির মুখে বর্তমানে ভিটেমাটি ছেড়ে বাড়িছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন ওই শারীরিক প্রতিবন্ধী।
পরবর্তীতে উপায়ান্তর না পেয়ে নিরাপত্তাহীনতায় ভোগা আসলাম মাঝি বিচার ও সুরক্ষার দাবিতে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রায়পুর থানার ডিউটি অফিসার জানান, “প্রতিবন্ধী আসলাম মাঝির একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


