শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দায়ের করা মামলার প্রধান ও মূল আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ঘোড়াঘাট থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলাকারীদের রক্ষায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা যোগসাজশ করে মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রক্ষা করতে থানার ওসি এবং তদন্তকারী কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত নিন্দনীয়। বিচার পাওয়ার আশায় মামলা করা হলেও পুলিশ কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবিলম্বে অভিযুক্ত এসব পুলিশ কর্মকর্তার বদলিসহ বিভাগীয় শাস্তির মুখোমুখি করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সজীব মিরাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে বিতর্কিত ওই তিন পুলিশ কর্মকর্তার অপসারণ, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং থানার কতিপয় চিহ্নিত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
মামলার বাদী শহিদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘোড়াঘাট থানার মামলা নম্বর- ০৭, জিআর নম্বর- ১২৯/২৪। ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা করা হলেও পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে আমরা আজ চরম নিরাশ।


