আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট দলের কার্যক্রমের গতি ফেরাতে ও তাদের সুশৃঙ্খল বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছে রায়পুর উপজেলা প্রশাসন। উপজেলার প্রধান তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের এসব দলের দীর্ঘদিনের বাদ্যযন্ত্রের সংকট দূর করতে তাদের হাতে বাদ্যযন্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।
উপহারপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হলো—রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী।
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট দলের দৈনন্দিন কার্যক্রম ও কুচকাওয়াজের জন্য বাদ্যযন্ত্র একটি অত্যন্ত আবশ্যিক উপাদান। কিন্তু দীর্ঘদিন ধরে এই তিন প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বাদ্যযন্ত্র না থাকায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দলীয় কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন।
সংগঠনগুলোর কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইড দলের দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব বাদ্যযন্ত্র তুলে দেন।
বাদ্যযন্ত্র পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বাদ্যযন্ত্র না থাকায় এতদিন প্যারেড ও বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান অনুশীলনে কিছুটা ভাটা পড়েছিল। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থীরা নতুন উদ্যোমে তাদের প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
এ সময় রায়পুর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উক্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট ও গার্লস গাইড লিডার এবং শিক্ষার্থী ও বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।


