পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান: চান্দইল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে হেলাল উদ্দিন কাজী
নিজস্ব প্রতিবেদক, শেখ রুবেল আহমেদ:
পরিবেশ রক্ষা ও যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার পাশাপাশি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও কারা নির্যাতিত নেতা হেলাল উদ্দিন কাজী।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইল মাঠে চান্দইল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হেলাল উদ্দিন কাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভারসাম্যপূর্ণ ও সুস্থ পরিবেশ রক্ষায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় আমরা সেই বার্তা মাঠপর্যায়ে পৌঁছে দিচ্ছি। চান্দইল মাঠের চারপাশে অনেক খালি জায়গা রয়েছে; আমি স্থানীয়দের কাছে অনুরোধ জানাচ্ছি, পরিবেশের স্বার্থে আপনারা সবাই অন্তত একটি করে হলেও গাছ লাগান।”
তিনি টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, “বর্তমানে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই মাদক থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত টুর্নামেন্টের আয়োজন যুব সমাজকে সুপথে রাখবে। ইনশাআল্লাহ, আগামীতে আপনারা আরও বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হেলাল উদ্দিন কাজী।


