মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের জন্য নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ দমন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সুপার তারিকুল ইসলাম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দুই সন্তানসহ দম্পতিকে হত্যা করা হয়। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত ২০ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডে দ্রুত সমযের মধ্যে রহস্য উদঘাটন করায় পুলিশ সুপার এ পুরস্কার প্রদান করেন।
পুরস্কার পাওয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ওসি মাহবুবুর রহমান, পিপিএম বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার পাওয়া অবশ্যই অনুপ্রেরণামূলক। এজন্য পুলিশ সুপার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ নিয়ামতপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক নির্মুলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এব্যাপারে তিনি উপজেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।


