মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জুলাই ২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও আটক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেন।
এ নিয়ে মানিকগঞ্জ জেলায় সপ্তমবারের মতো এ বিশেষ স্বীকৃতি অর্জন করলেন তিনি।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় এটিএসআই মো. শাহাদাত হোসেন বলেন, এ অর্জনের জন্য তিনি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন; ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল হামিদ খানসহ ট্রাফিক ইউনিটের সকল টিআই, সার্জেন্ট, টিএসআই, এটিএসআই এবং দায়িত্ব পালনে সহযোগিতাকারী সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ভবিষ্যতেও মানিকগঞ্জ শহরের যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।
এ লক্ষ্যে তিনি মানিকগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।


