আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর থানার পাশে অবস্থিত ‘রুপোলী ইলেকট্রনিক্স’ এর ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে যুব রেড ক্রিসেন্টের রায়পুর উপজেলা টিম।
আজ (বুধবার)০৩রা জুন-২০২৬ইং বাদ আসর রায়পুর ওসমান চত্বর সংলগ্ন ওই ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করেই রুপোলী ইলেকট্রনিক্সের ভবন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের একদল চৌকস স্বেচ্ছাসেবী।
এ বিষয়ে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আনোয়ার হোসেন রিপন জানান, “রেড ক্রিসেন্ট সব সময় যেকোনো মানবিক সংকটে ও দুর্যোগে সবার আগে এগিয়ে আসে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই আগুন লাগার খবর পেয়ে আমার সদস্যরা দ্রুত সেখানে ছুটে যায় এবং ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করে।”
যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ও প্রশাসন বিভাগের প্রধান সিফাত রহমান জানান, “আগুন লাগার মাত্র ১০ মিনিটের মাথায় আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে উদ্ধারকাজে যোগ দেয়। মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতে আমাদের এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


