মহিবুল্লাহ শেখ, ডাসার উপজেলা,
প্রতিনিধি মাদারীপুর #
মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।
র্যালিটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর। উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শংকর, ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। তিনি র্যালিতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব ও প্রচলিত আইনি কাঠামো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর বলেন, “গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। তাই আমাদের উচিত থানা বা আদালতে না গিয়ে প্রথমেই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সমাধান খোঁজা,যাতে সাধারণ মানুষ গ্রাম আদালতে এসে সহজে ন্যায়বিচার পায়।”
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে, যাতে করে সাধারণ মানুষ এই ব্যবস্থা সম্পর্কে অবগত হয় এবং এর সুফল নিতে পারে।
এই উদ্যোগ সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।


