মোঃ নাজমুল হোসেন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল (৪৫) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণপিটুনীতে ডাকাত মুকুলের নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত মুকুল ডাকাত জোকারদিয়া গ্রামের কাবিল মেম্বারের ছেলে। তার সাবেক বাড়ী পাশ্ববর্তী মরদাসাদী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোকারদিয়া ও নয়াপাড়ার মধ্যবর্তী চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে মসজিদের মাইক দিয়ে ডাকাত জড়ো হওয়ার বিষয়টি ঘোষণা দিয়ে আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশ লোক জড়ো হয়ে ডাকাতদলকে ঘেরাও করে। এ সময় ৭ থেকে ৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় খুন ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।


