বগুড়া জেলা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া সফরকালে আরডিএ, অডিটোরিয়াম হল রুম থেকে বের হয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালন, কর্মপরিবেশ ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে জানতে চান। তিনি একাডেমীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশিক্ষণ কার্যক্রম এবং গ্রামীণ উন্নয়ন সংশ্লিষ্ট উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নের নানা দিক তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রামীণ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন এবং সমবায় খাতকে আরও কার্যকর করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে আরডিএর মতো প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি প্রতিষ্ঠানের সেবার মান বাড়াতে হবে। দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিমন্ত্রীর আন্তরিকতা, সৌজন্যমূলক আচরণ এবং সরাসরি খোঁজখবর নেওয়ার মানসিকতায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, একজন নীতিনির্ধারকের এমন উৎসাহব্যঞ্জক উপস্থিতি কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
পরে প্রতিমন্ত্রী একাডেমীর সার্বিক অগ্রগতি কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


