রিপোর্ট: শাহ্ জালাল সরদার, মাদারীপুর।
মাদারীপুরের ডাসার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি’র ১২৩৫তম “ডাসার শাখা (পল্লী শাখা)”। নতুন এ শাখা চালুর মাধ্যমে স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে গেল আধুনিক ব্যাংকিং সেবা।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই শাখার কার্যক্রম চালুর ফলে এলাকার সাধারণ মানুষ, কৃষক ও ব্যবসায়ীরা এখন থেকে আরও সহজ ও দ্রুত সময়ে উন্নত ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
রবিবার দুপুরে ডাসার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোঃ শওকত আলী খান। মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ তানজিমুল ইসলাম।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ডাসার অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন এই শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


