আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে রহনপুরের মেসার্স রায়হান ফিলিং স্টেশনটির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
খবর সূত্রের, রোববার (২৬ এপ্রিল) বিকেলে রহনপুরস্থ রায়হান ফিলিং স্টেশন এলাকায় দায়িত্ব পালন করছিলেন ওই পুলিশ কনস্টেবল। এসময় কোনো একটি বিষয় নিয়ে উপস্থিত কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দায়িত্বরত ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ঘটনার খবর পাওয়ামাত্রই গোমস্তাপুর থানা ও রহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের গায়ে হাত তোলার অপরাধে ঘটনাস্থল থেকে পেট্রোল পাম্পে সহঃ ম্যানেজার ইসমাইল বাবু (৪৬), হাসিব (২৪) ও রাকিবুল (৩০) নামে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
অপ্রীতিকর এ ঘটনার পর থেকে জননিরাপত্তা ও তদন্তের স্বার্থে রায়হান ফিলিং স্টেশনটির তেল সরবরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সরকারি কর্মচারীর ওপর কর্তব্য পালনকালে হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।


