সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, তাস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরদাবাদ গ্রামের অলি মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে চলমান জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা, জুয়া খেলার দুই বান্ডিল তাস এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-মো. জসিম (২৮), মো. তৌহিদ মিয়া (৩৮), মো. আলম মিয়া (৪০), মো. মানিক মিয়া (২৭), মো. আশিক মিয়া (২৫), মো. জিয়াউর রহমান (৩৫) ও মো. মহিউদ্দিন (৪৮)। তারা সবাই ফরদাবাদ ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি জুয়া মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।


