মুরাদ খান মানিকগঞ্জ থেকে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট-এ বাস দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি করা হচ্ছে, কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা খুঁজে দেখার জন্য।
দেওয়ান সোহেল রানা আরও বলেন, দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আশপাশের নদী ও এলাকাজুড়ে অনুসন্ধান জোরদার করা হয়েছে।
এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


