সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়ের উদ্দেশ্যে এক মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামে সাবেক ইউনিয়ন সদর আলহাজ্ব হালিম মেম্বারের বাসভবনে এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রার্থী জাবেদ উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও নৈতিক রাজনীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে একটি আদর্শ কল্যাণরাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি স্থানীয় সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুব সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এসময়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরদাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খসরু ইবনে অধুদ। সিনিয়র সহ-সভাপতি ডাক্তার অহিদুজ্জামান।সহ-সভাপতি হাজী মোঃ ফুল মিয়া। যুগ্ম সম্পাদক হাফেজ নাইম।সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর,ফরদাবাদী। মুজাহিদ কমিটির ছদর ক্বারী মোঃ আলী আজম। উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুল হক সুমন। সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী।
মধ্যাহ্ন ভোজ ও সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরদাবাদ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদের আগমনকে স্বাগত জানান এবং তার বক্তব্যের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন রাজনৈতিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।




