নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায়
নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুল–কলেজ শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র। এতে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ ইএসডিও’র কর্মীরা অংশ নেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে নতুন পণ্য তৈরির প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




