বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শেরপুর শহর যেন এক প্রানবন্ত রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়েছে। মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল থেকেই শহরের প্রবেশপথ, কলেজ মাঠ, মোড় ও প্রধান সড়কগুলো মানুষের ঢলে ভরে ওঠে। চারদিকে চোখে পড়ে একটাই প্রতীক— ধানের শীষ। শহরের নারী-পুরুষ, তরুণ-তরুণী, প্রবীণ— সকলেই এক স্রোতে মিশে যায় এক শৈল্পিক দৃশ্যে। শেরপুর মহিলা কলেজ মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী কে এম মাহবুবার রহমান হারেজ-এর আহ্বানে হাজারো নেতা-কর্মী সমবেত হন। সকাল থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল করে আসা মানুষের কণ্ঠে বাজে একটাই স্লোগান— “শহীদ জিয়ার উত্তরাধিকার, খালেদা জিয়ার অঙ্গিকার, তারেক রহমানের নেতৃত্বে দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দাও।” প্রখর রোদকে উপেক্ষা করে মানুষের চোখ-মুখে স্পষ্ট দেখা যায় দৃঢ় প্রত্যয় ও পরিবর্তনের আশাবাদ। তরুণ প্রজন্মের স্লোগানে বাজে নবজাগরণের সুর— “হারেজ ভাই এগিয়ে চলো, খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক আমরা।” বক্তব্যে কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, “এই জনস্রোত প্রমাণ করছে শেরপুর-ধুনটের মানুষ এখনও ধানের শীষের প্রতি আস্থা ও সমর্থনে ঐক্যবদ্ধ । দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর তারেক রহমান যুবসমাজের অনুপ্রেরণা । তাদের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র ও স্বাধীনচেতা রাজনীতির পথে ফিরে আসবে।” তিনি আরও বলেন, “আমি শেরপুর-ধুনটের সন্তান। আপনাদের দোয়ায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা সবাই মিলে তারেক রহমানের নির্দেশে মাঠে থাকব, যতদিন না এই দেশ গণতন্ত্র ফিরে পায়।” বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরজুড়ে প্রতিধ্বনিত হয় স্লোগান— “দেশ বাঁচাতে, খালেদা জিয়ার আহ্বানে, গণতন্ত্র ফেরাতে— ধানের শীষে ভোট দাও।” এটি কেবল একটি রাজনৈতিক আহ্বান নয়; বরং শেরপুর শহরের প্রতিটি হৃদয়ে বাজছে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা এবং নতুন পরিবর্তনের আশা।




