বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার কাহালু পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (সাইফ) সম্প্রতি এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কাহালু পৌর এলাকায় যান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি সেখানে পৌঁছে আহত নেতা ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। মোশারফ হোসেন বলেন, “সাইফুল ইসলাম শুধু একজন সাংবাদিকই নন, তিনি আমাদের দলের এক নিবেদিতপ্রাণ কর্মী। দলীয় দায়িত্বে তাঁর নিষ্ঠা ও অবদান প্রশংসনীয়। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।” এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা সবাই আহত সাইফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। উল্লেখ্য, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (সাইফ) কাহালু উপজেলার একজন তরুণ, মেধাবী ও পরিশ্রমী রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। বিএনপির কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর দুর্ঘটনার খবর এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।




