মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাছ ধরতে গিয়ে জেলে ভজন রাজবংশী (৫০) মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চান্দহর নদীতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভজন রাজবংশী কয়েকজন জেলের সঙ্গে নদীতে জাল ফেলতে গেলে হঠাৎ নিখোঁজ হন। তিনি সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের মৃত ফকিরচাঁন রাজবংশীর ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভজন রাজবংশী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের (ব্লাড প্রেসার) রোগে ভুগছিলেন। ওষুধ সেবন শেষে তিনি রাতে মাছ ধরতে যান। এক পর্যায়ে অসাবধানতাবশত সঙ্গীদের অগোচরে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ ভজনের ভাই ভজো জানান, “রাতে মাছ ধরার সময় অন্য একটি নৌকা নিয়ে জাল ছাড়াতে যাই। বেশ কিছুক্ষণ পর ভজনের নৌকাটি ভাসতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি, নৌকায় ভজন নেই।”
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল থেকে নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছেন।
এ বিষয়ে সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (লিডার) মহিবুর রহমান বলেন, “স্থানীয়রা সঠিকভাবে কিছু জানাতে না পারায় উদ্ধার অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। তবুও আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”




