বগুড়া জেলা প্রতিনিধি:
মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করতে বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর (রবিবার) বিকাল ৪টায় নিমগাছী ইউনিয়নের মাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এই খেলায় মুখোমুখি হবে উপজেলা প্রশাসন একাদশ বনাম জনপ্রতিনিধি একাদশ। খেলার মূল উদ্দেশ্য হলো—মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বার্তা ছড়িয়ে দেওয়া এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা। আয়োজক ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “মাদক একটি জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। খেলাধুলা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক থেকে দূরে রাখে। এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা ধুনটবাসীর মাঝে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে চাই।” ইতিমধ্যে মাঠ প্রস্তুতি এবং খেলোয়াড়দের ট্রেনিং সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই খেলায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয়দের মধ্যে খেলাটিকে ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকে পরিবার-পরিজন নিয়ে মাঠে গিয়ে খেলা উপভোগ করার প্রস্তুতি নিচ্ছেন। ফলে খেলা মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আয়োজকেরা আশা করছেন। মাদকবিরোধী এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু বিনোদন নয়, বরং সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে—মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।




