সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি
বাংলার ঐতিহ্যবাহী শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এই আনন্দঘন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জোনায়েদ সাকি।
১ অক্টোবর বুধবার রাতে তিনি ফরদাবাদ পূর্বহাটি সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। পূজায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে খোঁজখবর নেন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শন শেষে জোনায়েদ সাকি বলেন, “দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আজ সমগ্র জাতির সার্বজনীন উৎসব। এই উৎসব আমাদের মিলনমেলা, আমাদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। সাম্প্রদায়িক শক্তি যেভাবেই মাথাচাড়া দিক না কেন, আমরা সবাই মিলে এ ঐক্যের বন্ধন অটুট রাখব।”
তার সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের বিপুল সমাগম ঘটে। তার আগমনে পূজা মণ্ডপগুলোতে আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়ে যায়।




