বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে টানা অতিবৃষ্টির ফলে প্রধান সড়কটির গুরুত্বপূর্ণ অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। হঠাৎ সড়ক ধসে পড়ায় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েন। বিদ্যালয়গামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি প্রয়োজনে যাতায়াত কারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু। গ্রামবাসীর দাবি ও দুর্ভোগের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করে তিনি বিলম্ব না করে নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরুর ব্যবস্থা গ্রহণ করেন। প্রয়োজনীয় পাইপ স্থাপনসহ সড়কটি মেরামতের জন্য শ্রমিক নিয়োগ এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করেন তিনি।
সংস্কার কাজে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায়। সবাই মিলে কাজ করায় দ্রুত সড়ক সংস্কার সম্পন্ন হয়। ফলে অচল হয়ে পড়া যোগাযোগ ব্যবস্থা আবার সচল হয়ে ওঠে। এ ঘটনায় বিষ্ণুপুর গ্রামের সাধারণ মানুষ স্বস্তি ফিরে পান। তারা জানান, চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগ ও সক্রিয় ভূমিকায় দীর্ঘমেয়াদি ভোগান্তি থেকে তারা রক্ষা পেয়েছেন। এজন্য তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন,
মানুষের দুর্ভোগ লাঘব করাই আমার দায়িত্ব। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নমূলক কাজে সবসময় পাশে থাকতে চাই। সবার দোয়া ও সহযোগিতা থাকলে সামনের দিনগুলোতেও এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারব।
বিষ্ণুপুর গ্রামের মানুষ মনে করছেন, এ উদ্যোগ শুধু একটি সড়ক সংস্কার নয়—এটি চেয়ারম্যান ও গ্রামবাসীর পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।




