বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ স্কুলপাড়ায় অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবক-যুবতীকে আটক করেছে এলাকাবাসী। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা তাদের ঘরের ভেতর থেকে হাতেনাতে ধরে ফেলেন।
আটককৃতরা হলেন—শিবপুর গ্রামের বেলাল হোসেন (২৬) এবং শাজাহানপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিলি আক্তার (২৫)। দুজনেরই রয়েছে সংসার ও সন্তান। বেলালের এক ছেলে রয়েছে। অন্যদিকে মিলির এক ছেলে (৭) ও এক মেয়ে (১০) রয়েছে। তার স্বামী আলামিন দীর্ঘদিন ধরে প্রবাসে সৌদি আরবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িদহ গ্রামের মৃত সইমুদ্দিন ও বেলি খাতুনের ছেলে ও বউমার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। বেলাল তাদের জামাই এবং মিলি পুত্রবধূ হওয়ায় এই সম্পর্ক সামাজিকভাবে আরও আলোচনার জন্ম দেয়। এর আগেও একই অভিযোগে গ্রামে একাধিকবার সালিশি বৈঠক বসানো হলেও কার্যকর সমাধান আসেনি।
রোববার বিকেলে বেলালকে মিলির স্বামীর বাড়িতে প্রবেশ করতে দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে উত্তেজিত জনতা ঘরে প্রবেশ করে দুজনকে আটক করে রাখে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয় এবং এলাকায় ব্যাপক ভিড় জমে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে আটক বেলাল ও মিলি জানান, “আমরা প্রায় দুই বছর ধরে একে অপরকে ভালোবাসি। সমাজ যাই বলুক না কেন, আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করতে চাই।”
এদিকে ঘটনাটি এলাকাজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে অনৈতিক ও পারিবারিক অশান্তির কারণ হিসেবে দেখছেন। অন্যদিকে, কেউ কেউ তাদের ব্যক্তিগত পছন্দ ও ভালোবাসার অধিকার হিসেবে বিবেচনা করছেন। ফলে বিষয়টি নিয়ে গ্রামে বিভক্ত মতামত তৈরি হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সম্পর্ক সামাজিক স্থিতি ও পারিবারিক বন্ধন ভেঙে দিতে পারে। আবার অপর একাংশ মনে করছে, ব্যক্তিগত জীবনে স্বাধীনতা ও পছন্দের অধিকারও গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে ঘটনাটি এখন শেরপুর উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




