মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে চাল চুরির ঘটনার পর আড়াই ঘণ্টার ধাওয়া শেষে চালবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করেছে সদর থানা পুলিশের একটি চৌকস টিম।
বৃহস্পতিবার রাত ২টার দিকে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকার একটি দোকান থেকে চুরি হওয়া পিকআপটি জব্দ করে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ জানান, রাতের টহলরত পুলিশ সদস্যরা দোকানের সামনে চাল ওঠানোর সময় পিকআপটি দেখে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ভ্যানটি সিঙ্গাইরের হেমায়েতপুরের দিকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি সিংগাইর থানা ও আশপাশের ইউনিটকে জানানো হয়।
পরে ধাওয়া খেয়ে পিকআপটি আবার মানিকগঞ্জের দিকে ঘোরার চেষ্টা করে। এসময় সদর থানার পুলিশ পিছু ধাওয়া চালায় এবং জরিনা কলেজ মোড়ে অন্য একটি টিম ব্যারিকেড তৈরি করে। সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও চক্রের সদস্যরা পালিয়ে যায়।
অভিযান শেষে ভ্যানটি জব্দ করা হয়। পিকআপটিতে চুরি হওয়া ২৫ কেজি ওজনের মোট ১৩৩ বস্তা চাল ছিল। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।




