ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁয় যুবদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

    admin
    September 24, 2025 9:47 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    নওগাঁর রাণীনগর উপজেলার রঞ্জনিয়া গ্রামে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর করে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।
    এই ঘটনার বিচার চেয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
    এদিকে, এ ঘটনায় আজ বুধবার ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামকে।
    মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কালিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবাদুল ইসলাম, রঞ্জনিয়া গ্রামের বাসিন্দা ইউনুচ আলী, আহত সাইফুলের বাবা জাহিদুল ইসলাম ও মা শিরিনা আখতার।
    মানববন্ধনে বক্তারা বলেন, রঞ্জনিয়া গ্রামের রেজাদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী যুথীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় যুথী তার বাবার বাড়ি বড়বড়িয়া গ্রামে অবস্থান করছিলেন। শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে গত ৭ সেপ্টেম্বর বিকেলে যুথী স্বামীর বাড়িতে আসেন। এ সময় রেজাদুল, তার ভাই রশিদুল ও নিকেদুল তাকে বাড়িতে ঢুকতে বাধা দেন।
    তখন যুথীর খালাতো ভাই এবং রেজাদুলের প্রতিবেশী সাইফুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে রেজাদুল ও তার ভাইদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কালিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার বরগাছা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে সাইফুলের জামার কলার ধরে তাকে রেজাদুলের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাইফুলের সঙ্গে শরিফুলের হাতাহাতি হয়।
    পরে শরিফুল ফোন করে ৫০-৬০ জন সন্ত্রাসী ডেকে আনেন। তারা লাঠি, রড, ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় আসে। গ্রামের লোকজনের সামনেই যুবদল নেতা শরিফুল ইসলাম ও তার অনুসারীরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সাইফুল অজ্ঞান হয়ে গেলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
    ইউপি সদস্য এবাদুল ইসলাম বলেন, ‘যেভাবে একজন ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কয়েকজন খারাপ লোকের কারণে পুরো গ্রামের শান্তি বিঘ্নিত হচ্ছে।’
    সাইফুলের মা শিরিনা আখতার বলেন, ‘হামার একটাই ছেলে। সেই এখন মৃত্যুর সঙ্গে লড়তেছে। ওরা হামার ব্যাটারে বিনা দোষে মারছে। কোমর সোজা করে দাঁড়াতে পারে না, পাঁচটা দাঁত ভেঙে গেছে, কথা বলতে পারছে না। গ্রামবাসী বিচার দিবে কইছে, সালিশও ডাকছিল, কিন্তু শরিফুল, এজাদুল আর ওর ভাইয়েরা সালিশে আসে নাই। এখন হামি থানা-পুলিশ করমু। হামার ব্যাটার জীবন নষ্ট কইরা দিছে। হামি এর বিচার চাই।’
    রঞ্জনিয়া গ্রামের বাসিন্দা ও মাতব্বর ইউনুচ আলী বলেন, ‘সাইফুলকে মারধরের ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য গত রোববার রাতে গ্রামে সালিশ ডাকা হয়েছিল। কিন্তু রহিদুল, তার ভাইয়েরা ও শরিফুল না আসায় সালিশ হয়নি। পরে আমরা সাইফুলের পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দিই।’
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা শরিফুল ইসলাম বলেন, ‘রেজাদুল আমার ভাগনে হয়। তার পারিবারিক সমস্যার সমাধানের জন্য আমি ৭ সেপ্টেম্বর রঞ্জনিয়া গ্রামে গিয়েছিলাম। সেখানে সাইফুলের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। বড় কোনো ঘটনা ঘটেনি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
    এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘রঞ্জনিয়া গ্রামে সাইফুল নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে। সাইফুলের বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST