মোহাম্মদ আতিক করিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদক সেবনের টাকা না পেয়ে মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে মোহাম্মদ জুয়েল রানা (২৮) এর বিরুদ্ধে । আহত মা জাহানারা(৪৬) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মুড়িহারি গ্রামে। জুয়েল রানা মুড়িহারি গ্রামের মোকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই মা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে জুয়েল রানা নেশার জন্য তার বাবার কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেয় জুয়েল রানা ।আত্মীয়র বাড়িতে রাতে থাকার পর আজ বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে আসলে আবারও মা-বাবাকে মারতে আসে জুয়েল রানা। তার বাবা জুয়েলকে পেছন থেকে জাপটে ধরলে ঘুষি গিয়ে লাগে তার মায়ের নাকে। এতে রক্তাক্ত হয়ে পড়ে মা জাহানারার মুখমণ্ডল। আহত হোন তার বাবাও।
বাবা মোকবুল হোসেন বলেন, নিয়মিত নেশায় আসক্ত আমার ছেলে। নেশার জন্য বৌমাকেও নিয়মিত মারধর করে। নেশার টাকা না দিতে পারায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। এখন ছেলের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
ছেলে জুয়েল রানা বলেন, নেশার টাকার জন্য মা-বাবাকে কিছু বলা হয়নি। পাওনা টাকা না দেওয়ায় অসাবধানতা বশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, মা-বাবাকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। # ২৫ জুলাই ২০২৪ ইং
মোঃ আতিক করিম
০১৮৩৪-৪৬৪১৫৮




