পাথরঘাটা প্রতিনিধি মোঃ রাসেল
বরগুনার পাথরঘাটায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে কাটাখালী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাট এলাকার ইউনুস মোল্লার ছেলে।স্থানীয় জহিরুল ইসলাম তপু জানান, মাগরিবের পূর্বে টিউবওয়েল বসানোর জন্য ২টি খুঁটির সঙ্গে আরেকটি খুঁটি যুক্ত করতে যে রশি ব্যবহার করা হয় সেই রশি দুর্বল থাকায় ছিড়ে গিয়ে বিদ্যুৎ এর মূল লাইনের ওপর পড়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও চারজন। পরে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকার মো. মিলন হাওলাদার (৪২), বরগুনার গরিচন্না এলাকার মো. কাওসার (১৭), মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী এলাকার মো. হাসান হাওলাদার (২২) ও শামীম হাওলাদার (২৪)।জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মন্টু জানান, মাগরিবের পূর্বে টিউবওয়েল বসাতে গিয়ে খুঁটি ছিড়ে বিদ্যুৎ এর লাইনের ওপর পড়ে দুর্ঘটনা ঘটেছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




