এম মনিরুজ্জামান, পাবনা:
গতকাল ২৬ এপ্রিল ঢাকা বোটক্লাবে অনুষ্ঠিত হলো শেকড় পাবনা ফাউন্ডেশনের ৩৩ তম বোর্ড সভা। ফাউন্ডেশনের সভাপতি খান হাবীব মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের কার্যক্রমের বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক আহ্বায়ক শামীমা হোসেন নাইস। দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম কোরবান আলী ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল আওয়াল মিয়া উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি প্রকাশ করা হবে। সভায় উপস্থিত সকল সদস্য ফাউন্ডেশনের নিজস্ব বৈশিষ্ট্য ও সার্বজনীনতা অক্ষুন্ন রেখে পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।


