আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবুল খায়ের ভূঁইয়া সার্বিক নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিতরণের সময় প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য ২ বান্ডিল করে টিন, নগদ অর্থ এবং ২টি করে কম্বল তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, "অগ্নিপ্রকোপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি অপূরণীয়। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত মাথা গোঁজার ঠাঁয় করে নিতে পারে, সেজন্য প্রয়োজনীয় এই সহায়তা দেওয়া হলো। ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"
ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে চরম বিপদে পড়া পরিবারগুলো এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে এমপি ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।