মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুর রহিম খান এর মালিকানাধীন রুমী ফিলিং এন্ড সিএনজি স্টেশনের নামে আনা সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা ঐ পাম্প থেকে পেট্রোল বিক্রির ঘটনায় লড়ী জব্দ করে ও উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে কৃত্রিম জলালানী সংকট সৃষ্টির হীন উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের ইমেজ নষ্টের অপপ্রয়াসে শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, বুধবার রাতে ডিপো থেকে রুমী ফিলিং স্টেশনের নামে ফতুল্লা থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার ডিজেল আসে। বুধবার রাতে আসা পেট্রোলবাহী লড়ী (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে রুমী ফিলিং স্টেশনে না নামিয়ে টেপড়াস্থ উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণে পার্শ্বে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই’র জেলা কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার পরদিন ঘটনাস্থলে গিয়ে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করে থানায় সোপর্দ করেন।
ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, ফতুল্লার মেঘনা ডিপো থেকে বুধবার রুমি ফিলিং স্টেশনের নামে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ইস্যু করা হয়। এ পেট্রোল অন্যত্র নেয়ার সত্যতা পাওয়া যায়। এ অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা ও পেট্রোলবাহী লড়ি জব্দের ব্যবস্থা নেয়া হয়েছে।


