
সফিকুল ইসলাম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, "দেশের বিমান চলাচলে যে অব্যবস্থাপনা চলছে, তার মাশুল দিচ্ছে নিরীহ প্রাণ। একটি দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে ব্যথিত করে। এই তদারকির গাফিলতি কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়।"
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, শুকুড়ী সেলিম, আবু কালাম, বিউটি আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, "এই দুর্ঘটনা জাতির জন্য গভীর বেদনার। এর দায় সরকার এড়াতে পারে না। আমরা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি।"
দোয়া শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং পরিবারের সদস্যদের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।