সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—নবীনগরের রতনপুর এলাকার মোবারক হোসেন (২৯), বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর এলাকার সজুন (৩৯) ও ছালাম (৩০)। অপরদিকে, পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—রূপসদী এলাকার জাহিদ মিয়া, স্বপন মিয়া (৫০), সালেহা এবং জগন্নাথপুর এলাকার সাহেনা (৫৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


