মুরাদ খান মানিকগঞ্জ
মানিকগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণ লুটে নিয়েছে মুখোশ পরিহিত সংঘবদ্ধ ডাকাত দল।
(২৯ মার্চ) রবিবার ভোরে মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকার ব্যবসায়ী আব্দুল হামিদের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
আব্দুল হামিদ জানান, ৬-৭ জনের মুখোশ পড়া ডাকাতদল নিচ তলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তারপর আমার মাথায় পিস্তল ঠেকিয়ে এবং মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। পরে আমাকে ও আমার স্ত্রীকে বেঁধে রেখে বাড়ি ঘর তছনছ করে। তারা ঘরের আলমারির রক্ষিত এক লাখ ১৩ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও সোয়া ভরি ওজনের স্বর্ণ লুটে নেয়।পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার অফসার ইন চার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে রাত চারটার দিকে ঘটনাস্থলে যাই। ৫/৬ জনের ডাকাত দলের সদস্যরা ওই ফ্ল্যাটের নিচ তলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লুট হওয়া মালামাল উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।


