
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। বড় গলি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আয়োজনে এই মহা উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আয়োজিত রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়। এরপর বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রাটি মন্দিরের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা পরম ভক্তিভরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করছি। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। রথযাত্রা শেষে মন্দিরে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।