
মুরাদ খান মানিকগঞ্জ থেকে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন একনিষ্ঠ কর্মী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মোহাম্মদ লাভলু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে লাভলু মিয়া বলেন, “আমি সব সময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এলাকার উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। জনগণ যদি আমাকে সমর্থন ও সুযোগ দেয়, তাহলে আমি কৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতি, যুব সমাজকে মাদক ও জুয়া মুক্ত রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব দেবেন।
স্থানীয় অনেকেই মনে করছেন, একজন তরুণ ও উদ্যমী হাজী মোহাম্মদ লাভলু মিয়া প্রার্থী হওয়ার ঘোষণায় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে এলাকাবাসীর ধারণা।