
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তিনমাথা মোড়ে ১০ মে রবিবার সকালে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস। পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষাবাদের ওপর সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ইএসডিও এর গোফর ইমপ্যাক্ট কর্মসূচি। সহযোগিতায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর, নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মকবুল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী এবং মো: নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
এছাড়াও অনুষ্ঠানে শ্রীমন্তপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কম পানিতে অধিক ফলন সম্ভব, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।