সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সমাজসেবক মোঃ মহসিন। স্থানীয় পর্যায়ে তার মানবিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি জামাত পাড়ার বাসিন্দা মোঃ মহসিন সাবেক জনপ্রতিনিধি আবদুল মতিন মেম্বারের জ্যেষ্ঠ পুত্র। পারিবারিকভাবেই সমাজসেবামূলক কর্মকাণ্ডের পরিবেশে বেড়ে ওঠায় তার মধ্যে জনসেবা ও নেতৃত্বের মনোভাব গড়ে ওঠে।
জানা যায়, ১৯৭৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণকারী মোঃ মহসিন নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে রামকৃষ্ণপুর কে.কে.আর.কে উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি এবং রামকৃষ্ণপুর কলেজ থেকে ২০০০ সালে এইচএসসি সম্পন্ন করেন।
দীর্ঘদিন ধরে তিনি এলাকায় দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষা, চিকিৎসা ও মানবকল্যাণমূলক কাজে তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়দের মতে, উন্নয়নমুখী চিন্তা, জনসম্পৃক্ততা এবং মানবিক আচরণের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ মহসিন ক্রমেই আলোচনায় এগিয়ে আসছেন।
এ বিষয়ে মোঃ মহসিন বলেন, “জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে ফরদাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ফরদাবাদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও আগ্রহ ক্রমেই বাড়ছে। স্থানীয় ভোটারদের প্রত্যাশা-সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নটি এগিয়ে যাবে উন্নয়নের পথে।


