বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। সভায় আসন্ন ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকার ঘোষিত ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, তালিকা প্রণয়ন ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সাধারণ সম্পাদিকা মাহরুফা আক্তার চামেলি প্রমুখ। বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি যাতে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে সকলকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নে চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে ১৭ হাজার ১৯৭টি এবং ঈশ্বরদী পৌরসভা এলাকায় ৪ হাজার ৬২৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কার্ডধারীদের মাঝে খাদ্যশস্য বিতরণ সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়।


