বেলায়েত হোসেন সোহাগ
মাদারীপুর প্রতিনিধি#
মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে “স্কিলস অ্যান্ড ইনোভেশন কমপিটিশন ২০২৫”। আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান খান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (এমপিও শাখা) মো. ফারহান হোসেন।
আয়োজক প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাকটার (ইলেকট্রনিক্স) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্ট্রাকটার ও বিভাগীয় প্রধান মজনুর রশিদ (পাম মেশিনারি), মুকাদ্দেস হোসেন (ইলেকট্রনিক্স) ও রফিকুল ইসলাম (আইটি)।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং ASSET Project, Directorate of Technical Education-এর সহায়তায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন নতুন ধারণা ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এতে তাদের মেধা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে।


