নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কলনি পাড়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন আব্দুল জব্বার (৬৫)।
বুধবার (১২ আগস্ট) সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আব্দুল জব্বারের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আব্দুল জব্বার সহজ-সরল ও অশিক্ষিত হওয়ায় তার মেজো ভাই মো. আফজাল হোসেন বিভিন্ন কৌশলে প্রলোভন দেখিয়ে তাকে নওগাঁ আদালতে নিয়ে যেতেন। পৈত্রিক সম্পত্তির খাজনা-খারিজ এবং অন্যের দখলে থাকা জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে, বাটোয়ারার মামলায় নওগাঁ কোটে তাকে নিয়ে যেত বলে অভিযোগ করেন তারা।
পরিবারের দাবি, আফজাল হোসেন পৈত্রিক সম্পত্তি নিয়ে বাটোয়ারা মামলা করেন। পরবর্তীতে কৌশলে আব্দুল জব্বারের কাছ থেকে স্বাক্ষর নিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়। পরে আদালতের বাটোয়ারা সংক্রান্ত কাগজ দেখিয়ে বর্তমানে আব্দুল জব্বার যে অংশে বসবাস করছেন, সেটি ছেড়ে পশ্চিম অংশে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে আব্দুল জব্বার নওগাঁ আদালতে মামলা করলে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল জব্বারের মেজো ভাই মো. আফজাল হোসেন বলেন, বাবা মারা যাওয়ার পর পৈত্রিক সম্পত্তি বণ্টন করা হয়েছে এবং বণ্টননামায় প্রত্যেকের অংশের এলাকা উল্লেখ রয়েছে। তার বড় ভাই আব্দুল জব্বার বাড়ির পূর্ব পাশে অংশ পাওয়ার কথা। সেখানে তিনি ইতোমধ্যে একটি ইটের বাড়িও নির্মাণ করেছেন। কিন্তু তিনি পশ্চিম পাশের মাটির বাড়িটিও দখলে রেখেছেন। বণ্টন অনুযায়ী পশ্চিম পাশের অংশ ছেড়ে দেওয়ার কথা থাকলেও তিনি তা করছেন না।
আব্দুল জব্বারের ছোট ভাই তাজামুল বলেন, বড় ভাই বর্তমানে যে অংশে রয়েছেন, সেখান থেকে পশ্চিম পাশে চলে যাওয়ার জন্য তাকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতেও রাজি হননি। বর্তমানে তিনি পশ্চিম পাশের বাড়ির অংশ দখলে রেখেছেন।
পৈত্রিক সম্পত্তির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে বিষয়টি এখন আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


